চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি বিদেশি অপারেটরে হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে স্মারকলিপি

October 4, 2026 | Feature-2 |

চট্টগ্রাম প্রতিনিধি: দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম সমুদ্রবন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও জেনারেল কার্গো বার্থ (জিসিবি) বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার গৃহীত সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘বন্দর ইসলামী শ্রমিক সংঘ’। একই সাথে বন্দর শ্রমিক-কর্মচারীদের কাজের নিশ্চয়তা, অধিকার সংরক্ষণ ও স্থানীয় দক্ষ জনবল সুরক্ষার দাবিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যানের কাছে এক স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।

আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কার্যালয়ে এই স্মারকলিপি পেশ করা হয়।

জাতীয় স্বার্থ ও অর্থনীতির গুরুত্ব: স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে সম্পন্ন হয়। দেশের নিজস্ব অর্থায়নে নির্মিত ও সফলভাবে পরিচালিত গুরুত্বপূর্ণ টার্মিনালগুলো বিদেশি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়া জাতীয় নিরাপত্তা ও দেশীয় শ্রমিকদের কর্মসংস্থানের জন্য চরম উদ্বেগের।

পতেঙ্গা কনটেইনার টার্মিনাল ইতোমধ্যেই সৌদি আরবের আরএসজিটি (RSGT)-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে, লালদিয়ার চরে এপিএম টার্মিনালস (APMT)-কে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে এবং মাতারবাড়ী ও বে-টার্মিনালেও বিদেশি অপারেটরদের সুযোগ দেওয়া হচ্ছে। সরাসরি বৈদেশিক বিনিয়োগের বিরোধিতা না করলেও চালু থাকা দেশীয় এনসিটি ও সিসিটিকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে দাবি করা হয়।

এনসিটি, সিসিটি ও জিসিবি বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় রাখা; বিদেশি পরিচালিত প্রতিটি টার্মিনালে চট্টগ্রাম বন্দর থেকে অন্তত ২০ শতাংশ দক্ষ জনবল নিয়োগের বাধ্যবাধকতা আরোপ করা; পণ্য হ্যান্ডলিং, আনস্টাফিং ও ডকুমেন্টেশন বন্দরের হাতেই রাখা; এবং জিসিবিতে কোনো দেশি-বিদেশি বহিরাগত অপারেটর না বসানো।

অধিকার ও বোনাস দাবি: শ্রমিক কল্যাণ সুনিশ্চিত করতে সিবিএ নির্বাচনের দ্রুত ব্যবস্থা গ্রহণ, শূন্যপদে দ্রুত নিয়োগ প্রদান এবং বোর্ড সভায় অনুমোদিত উৎসাহ বোনাস, পোর্ট অ্যালাউন্স, ঝুঁকি ভাতা ও সরকার অনুমোদিত গৃহনির্মাণ ঋণ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বন্দর থানা সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান, আমিনুল ইসলাম রুমেল ও মোহাম্মদ হেলাল উদ্দিন।



Leave a Comment