ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত দিল্লিতে বহুল আলোচিত ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ও অ্যাক্টিভিস্ট ধ্রুব রাঠিকে আটক করেছে গুরুগ্রাম পুলিশ। পুলিশের দেওয়া সরকারি নির্দেশ ও অনুরোধ অমান্য করে দিল্লির উদ্দেশে রওয়ানা দেওয়ার চেষ্টা করায় তাঁকে হেফাজতে নেওয়া হয়।
আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার আবাসন সমিতিতে ধ্রুব রাঠির বাসভবন ঘিরে ফেলে পুলিশের একাধিক দল এবং পরবর্তীতে তাঁকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।
গুরুগ্রাম পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, দিল্লি অভিমুখী বিক্ষোভ কর্মসূচিতে অংশ না নেওয়ার জন্য ধ্রুব রাঠিকে আগে থেকেই অনুরোধ ও আইনি নির্দেশ দেওয়া হচ্ছিল।
পুলিশের সেই স্পষ্ট নির্দেশনা ও অনুরোধ উপেক্ষা করে দিল্লির যন্তর মন্তরের কর্মসূচিতে অংশ নিতে রওয়ানা দেওয়ার চেষ্টা করলে তাঁকে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
দিল্লিতে অনুমতিহীন এই বিক্ষোভ রুখতে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশ ২০ হাজারেরও বেশি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্য মোতায়েন করেছে। রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে চার শতাধিক আন্দোলনকারীকে আটক করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজীব চক, নয়াদিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও কাশ্মীরি গেটসহ দিল্লি মেট্রোর প্রায় ৪৫টি প্রধান স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া অন্য রাজ্য থেকে আসা ২৫০টিরও বেশি দূরপাল্লার ও স্থানীয় ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।
যন্তর মন্তর ও জনপথের চার কিলোমিটার ব্যাসার্ধজুড়ে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। তবে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সরকারের এই অবরোধমূলক পদক্ষেপের কড়া সমালোচনা করে জানিয়েছেন, সমস্ত প্রশাসনিক বিধিনিষেধ ও বাধার মুখেও আন্দোলনকারীরা যন্তর মন্তরে পূর্বনির্ধারিত সমাবেশে যোগ দিতে অটল থাকবে।