ইমরান খানের দলের শাসনাধীন প্রদেশে পাকিস্তানে জরুরি অবস্থা জারি

October 11, 2026 | Feature-2 |

নিউজ ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। নিরাপত্তা সংক্রান্ত সংবিধানের দুটি অনুচ্ছেদের অধীনে এই জরুরি অবস্থা জারি করা হয়। এর ফলে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পরিচালিত প্রাদেশিক সরকার কার্যকরভাবে স্থগিত হয়ে গেছে। খবর আল জাজিরার

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠক শেষে এই সুপারিশ করা হয়, যা পরবর্তীতে অনুমোদন করেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রিসভার সদস্যরা প্রদেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই থেকে খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক সরকারের “উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তা ও সরে আসা”র বিষয়টি আমলে নিয়ে যৌথভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমন এক সময়ে এই পদক্ষেপ নেওয়া হলো যখন পিটিআই নেতা ইমরান খানের মুক্তির দাবিতে দলটির সমর্থকেরা রাজধানী ইসলামাবাদ অভিমুখে একটি লং মার্চের প্রস্তুতি নিচ্ছিল। ইমরান খান তিন বছরেরও বেশি সময় ধরে কারাগারে থাকলেও এখনও দেশজুড়ে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।



Leave a Comment