কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা মামলা: কক্সবাজার থেকে বন্ধু রাজু গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি: কুমিল্লায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় রাজু নামের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, স্কুলছাত্রী তাজমিনের মরদেহ উদ্ধারের পর থেকেই চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে নিবিড় তদন্ত ও তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে খুনের ঘটনায় রাজুর সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়। এরপর অবস্থান নিশ্চিত করে কক্সবাজার থেকে তাকে আটক করা হয়।
এর আগে তাজমিনের মরদেহ উদ্ধারের পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের ছায়া নেমে আসে। নৃশংস এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।