রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলাকে ‘অশুভ কাজ’ আখ্যা দিয়ে জামায়াত আমীরের নিন্দা
নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ ধরনের আক্রমণকে ‘অশুভ কাজ’ হিসেবে আখ্যায়িত করে তিনি স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধ কখনোই কোনো সংকটের স্থায়ী সমাধান হতে পারে না, বরং যেকোনো মতপার্থক্য বা সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত।
আজ রবিবার (১১ অক্টোবর ২০২৬) সকালে তুরস্ক সফর এবং সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমীর জানান, দুই দিনের সফর শেষে ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে অবস্থানকালেই আন্তর্জাতিক বিমানবন্দরে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে শনিবার রাতে মদিনা বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
সৌদি আরবকে হারামাইন শরিফাইনের দেশ উল্লেখ করে তিনি বলেন, যেখানে কাবা শরীফ, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক এবং কুরআন নাজিলের স্মৃতিবিজড়িত পবিত্র মাটি রয়েছে, সেখানে এ ধরনের রক্তক্ষয়ী হামলা অত্যন্ত দুঃখজনক।
নিরপরাধ মানুষের জীবনহানি ঘটায় এমন হামলাকে প্রত্যাখ্যান করে তিনি সকল পক্ষকে সংঘাতের পথ পরিহার করে শান্তি ও স্থিতিশীলতার পথে আসার আহ্বান জানান।
তুরস্ক সফরে আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার পাশাপাশি সেদেশের পার্লামেন্টের স্পিকারসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকের সঙ্গে সফল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার কূটনৈতিক ও সামাজিক সম্পর্ক শতাব্দীর পুরনো উল্লেখ করে ডা. শফিকুর রহমান তুরস্ককে বাংলাদেশের এক ‘পরীক্ষিত ও নিখাদ বন্ধু’ হিসেবে আখ্যায়িত করেন।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরাই ছিল এই সফরের প্রধান লক্ষ্য। প্রেসিডেন্ট এরদোয়ান সরকারের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাত, তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্প এবং মক্কা প্যাক্টসহ বহু পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক আলোচনা সম্পন্ন হয়েছে।