সতর্ক করে ছেড়ে দেওয়া হলো ধ্রুব রাঠিকে
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ কেন্দ্র করে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর বাসভবন থেকে আটক প্রখ্যাত ইউটিউবার ও অ্যাক্টিভিস্ট ধ্রুব রাঠীকে মুক্তি দিয়েছে পুলিশ। তবে পুনরায় সিজেপির বিক্ষোভে অংশ নিতে দিল্লির যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে নতুন করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
আজ রোববার (১১ অক্টোবর ২০২৬) প্রশাসনিক কর্মকর্তারা ধ্রুব রাঠীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
জার্মানিতে বসবাসকারী ধ্রুব রাঠী ভারতের মোদি সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত। সিইসি-বিরোধী আন্দোলনের সমর্থনে তিনি দিল্লিতে অবস্থান করছিলেন। শনিবার ভোরে গুরুগ্রামের বাসভবন থেকে তাঁকে সতর্কতামূলকভাবে আটক করা হয়।
আন্দোলনের সময় আটক হওয়া অন্যান্য আন্দোলনকারীদের বড় একটি অংশকে শনিবার রাতে ছেড়ে দেওয়া হলেও ধ্রুব রাঠীকে রাতভর পুলিশি হেফাজতে রাখা হয় এবং শেষ পর্যন্ত রোববার তাঁকে মুক্তি দেওয়া হয়।
মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পরপরই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকে সতর্কতামূলকভাবে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক সিজেপি নেতাদের অতি শীঘ্রই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ১২৬ ধারা (শান্তি বজায় রাখার জন্য মুচলেকা) এবং ১৭০ ধারায় (আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার) তাঁদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।