সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ: আটকা পড়ে চরম ভোগান্তিতে শতাধিক পর্যটক
নিউজ ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অত্যন্ত জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে আজ রোববার (১১ অক্টোবর ২০২৬) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা বিপুল সংখ্যক পর্যটক খাগড়াছড়িতে আটকা পড়ে চরম ভোগান্তি ও অনিশ্চয়তার মুখোমুখি হয়েছেন।
সাজেক থেকে জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের অবিলম্বে সরিয়ে নেওয়ার দাবিতে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি যৌথভাবে শনিবার (১০ অক্টোবর) এই অবরোধের ডাক দেয়। সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবন চাকমা স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
অবরোধের কারণে ঢাকা ও দেশের অন্যান্য সমতল অঞ্চল থেকে নৈশকোচ ও বিকল্প পরিবহনে আসা পর্যটকরা খাগড়াছড়ি পৌঁছানোর পর আর সামনে এগোতে পারেননি। সকালে সাজেক যাওয়ার নির্ধারিত ট্রিপ বা নিরাপত্তা প্রহরা (এস্কর্ট) স্লট বাতিল হওয়ায় চরম বিপাকে পড়েন যাত্রীরা।
হঠাৎ করে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নারী ও শিশুদের নিয়ে আসা পরিবারগুলো। অনেকে বাধ্য হয়ে বাড়তি টাকা খরচ করে খাগড়াছড়ির স্থানীয় হোটেল-মোটেলে সাময়িক আশ্রয় নিচ্ছেন, আবার অনেকে বিকল্প হিসেবে শহরের স্থানীয় দর্শনীয় স্থানগুলো ঘুরে সময় কাটাচ্ছেন।
পরিস্থিতি সামাল দিতে খাগড়াছড়ি সড়ক পরিবহন জীপ মালিক সমিতি ও যানবাহন কল্যাণ সমিতির সাজেক কাউন্টারের লাইনম্যান মো. আরিফ জানান, দুপুর ১২টার দিকে বিশেষ নিরাপত্তা প্রহরার (এস্কর্ট) মাধ্যমে আটকে পড়া পর্যটকদের খাগড়াছড়ি থেকে সাজেকে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং সাজেক পর্যটনকেন্দ্রে অবস্থানরত সকল পর্যটক সম্পূর্ণ নিরাপদে আছেন। দুপুর ১২টার বিশেষ এস্কর্টের মাধ্যমে সাজেক থেকে পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে আনার বিষটিকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।