আন্দোলন ভেঙে কার্যালয়ে চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক শরীফুল আলম
চুয়েট প্রতিনিধি : টানা ২১ দিন আন্দোলনের পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ কার্যালয়ে প্রবেশ করেছেন নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
সোমবার (১২ অক্টোবর) সকালে কোনো ধরনের বাধার মুখোমুখি না হয়েই তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে প্রবেশ করেন এবং দাপ্তরিক কাজ শুরু করেন।
জানা গেছে, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা টানা তিন সপ্তাহ ধরে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছিলেন।
পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও পূর্ণাঙ্গ কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি শুরু করেন।
দীর্ঘ ২১ দিন ধরে ক্লাস-পরীক্ষা, সেমিস্টার মূল্যায়ন ও প্রশাসনিক সব ধরনের কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়টিতে চরম স্থবিরতা সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা তীব্র সেশনজটের আশঙ্কায় পড়েছেন। এই অচলাবস্থার মাঝেই সোমবার সকালে নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ সচল করতে নিজ কার্যালয়ে যোগ দিলেন।