স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন
নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও দিনক্ষণ চূড়ান্ত করতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের এই আনুষ্ঠানিক সভা শুরু হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আজ সোমবার বৈঠক ডাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
কমিশন সূত্রে জানা গেছে, সভার নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী মূলত স্থানীয় সরকার পরিষদের সার্বিক নির্বাচন আয়োজন ও সম্ভাব্য সময়সূচি নির্ধারণের বিষয়ে নীতিনির্ধারণী আলোচনা চলছে। এর পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ সংক্রান্ত প্রস্তাব ও বিধান পর্যালোচনার বিষয়সমূহও এ বৈঠকের এজেন্ডায় রয়েছে।