দাউদকান্দিতে প্রাতঃভ্রমণে বেরিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

October 13, 2026 | Feature-2 |

কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত দ্রুতগতির গাড়ির চাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) এবং তাঁর স্ত্রী ঝরনা বেগম (৪৮)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার ফজরের নামাজ শেষে ভোরে প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণে বের হন নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী ঝরনা বেগম। তারা হেঁটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত দ্রুতগতির যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তারা দুজনই সড়কের পাশে ছিটকে পড়েন।

দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর পথচারীরা তাদের রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় সেটিকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তবে মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গাড়িটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



Leave a Comment