টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে,
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল’ ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন প্রায় চার ঘণ্টার আপ্রাণ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এর আগে সকালে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার সহায়তায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা যোগ দেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে কারখানাটির ইউনিট-২-এর চারতলা থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ভেতরে দাহ্য পদার্থ ও কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ভবনে। অগ্নিকাণ্ডে ওষুধ কারখানাটির অন্তত দুটি বহুতল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা জানান, ২০টি ইউনিটের টানা প্রচেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে থাকায় তা আর আশপাশের ভবনে বা নতুন কোনো অংশে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।
ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারখানার কোনো অংশে কেউ আটকা পড়েছিলেন কি না, তা নিশ্চিত হতে ফায়ার ফাইটাররা ডাম্পিং কাজের পাশাপাশি তল্লাশি অভিযান চালাচ্ছেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং মোট ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।