টঙ্গীতে কারখানায় আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, সহায়তায় সেনাসদস্য ও বিজিবি
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল’ নামক একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনাসহ উদ্ধার তৎপরতা চালাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একযোগে মাঠে নেমেছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ওষুধ কারখানাটিতে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে প্রথমে উত্তরা ও টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু ভেতরের কেমিক্যাল ও আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরবর্তীতে একের পর এক ইউনিট বাড়ানো হয়। আগুন যেন আশপাশের অন্যান্য ভবনে ছড়িয়ে পড়তে না পারে এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়, সে লক্ষ্যে উদ্ধার সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশের পাশাপাশি সেনাসদস্য ও বিজিবি যোগ দিয়েছে।
উদ্ধারকর্মীরা কারখানার চারপাশ ঘিরে অগ্নিনির্বাপণ কাজ পরিচালনার পাশাপাশি ভেতরের কেমিক্যাল গোডাউন ও অন্যান্য ঝুঁকিপূর্ণ অংশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভেতরে কোনো শ্রমিক আটকা পড়েছেন কি না, উদ্ধারকারী দল তা নিশ্চিত করতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।