মোবাইলে গেম খেলার সময় বিস্ফোরণ, আশঙ্কাজনক ২ যুবক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় মোবাইল ফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই যুবক মারাত্মক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— সোনাপুর এলাকার মো. রুবেল (২২) ও শাকিল। এর মধ্যে গুরুতর আহত রুবেলের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ইমরান হোসেন মনজু জানান, মোবাইল ফোন বিস্ফোরণে রুবেলের চোখ ও মুখমণ্ডলে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়েছে। চোখের ভেতরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁর দৃষ্টিশক্তি পুরোপুরি ফিরে পাওয়ার বিষয়ে গভীর অনিশ্চয়তা রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে আহত শাকিলকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয় সোনাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল্লাহ আল মামুন জানান, চার্জে থাকা অবস্থায় গেম খেলার সময় যে এমন ভয়াবহ ঘটনা ঘটতে পারে, তা স্থানীয়রা ধারণাও করতে পারেননি। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, মোবাইল ফোনটি ব্যাটারির ওভারহিটিং নাকি কারিগরি কোনো ত্রুটির কারণে বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।



Leave a Comment