সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ আর নেই
নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রবীণ নেতা এবং ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন ঢাকা মহানগর বিএনপির সাবেক এই সিনিয়র সাধারণ সম্পাদক। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।পৃথক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পারিবারিক সূত্র জানায়, হাসপাতাল থেকে মরহুমের মরদেহ সরাসরি তাঁর সাবেক নির্বাচনী এলাকা শ্যামপুরের বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বাদ জোহর শ্যামপুর-কদমতলী এলাকার ঐতিহাসিক লাল মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
দীর্ঘ রাজনৈতিক জীবন
সালাহউদ্দিন আহমেদ বিএনপির প্রার্থী হিসেবে অবিভক্ত ঢাকা-৪ আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজপথের এই তুখোড় রাজনৈতিক নেতা ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন।