১০ বছরের সাজা বাতিল ও খালাস চেয়ে সুপ্রিম কোর্টে ইনুর আপিল

October 14, 2026 | Feature-2 |

নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের সাজার রায় বাতিল করে পূর্ণাঙ্গ খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদনটি দায়ের করা হয় বলে ইনুর আইনজীবী সিফাত মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে গঠিত আটটি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিটিতে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দেন। তবে রায়ে উল্লেখ করা হয়, তিনটি সাজা একসঙ্গে (কনকারেন্টলি) চলবে; ফলে তাঁকে মোট ১০ বছর সাজা ভোগ করতে হবে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এবং কুষ্টিয়ায় হত্যা ও নির্যাতনের পরিকল্পনাসহ একাধিক অভিযোগ আনা হয়েছিল ইনুর বিরুদ্ধে।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট ২০২৪ তারিখে রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে কারাগারে আটক ইনুর বিরুদ্ধে শাপলা চত্বরের ঘটনা সংক্রান্ত ট্রাইব্যুনালের অপর আরেকটি মামলায়ও বিচার কাজ চলমান রয়েছে।



Leave a Comment