বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

October 15, 2026 | Feature-1 |

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের সংকট এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’তে একের পর এক জাহাজে হামলার ঘটনার মধ্যেও আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ব্রেন্ট ক্রুড ও মার্কিন ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের বাজারেই দরপতন লক্ষ্য করা গেছে।

বাজার বিশ্লেষণ থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’ তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৯ সেন্ট কমে ১০৪ ডলার ৬৭ সেন্টে নেমে এসেছে। অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি কমে দাঁড়িয়েছে ৯৪ ডলার ৭ সেন্টে।

এর আগের দিন সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনায় হুথি বিদ্রোহীদের হামলার খবরের পর বিশ্ববাজারে তেলের দাম সাময়িকভাবে বাড়লেও পরদিন সকালেই তা আবার নিম্নমুখী হয়।

হরমুজ প্রণালিতে হামলা ও ঝুঁকি

গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে হামলার শিকার হয়ে একটি কনটেইনার জাহাজ এবং একটি পণ্যবাহী জাহাজ সমুদ্রে ডুবে গেছে। এর ফলে জ্বালানি সরবরাহ নিয়ে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ দিনে হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরানের দাবি, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ এবং সম্প্রতি আরোপিত কঠোর নিষেধাজ্ঞার জবাব হিসেবেই তারা এই পদক্ষেপ জোরদার করছে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে নিরাপত্তাঝুঁকি বাড়ায় সরবরাহ ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে আলোচনার কারণে বাজারে তেলের দামের ওপর এই নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।



Leave a Comment