সৌদিতে মসজিদের পবিত্রতা লঙ্ঘনের দায়ে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

October 15, 2026 | Feature-2 |

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের অভ্যন্তরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দেশটির মক্কা অঞ্চলে তাঁদের এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে নিশ্চিত করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি সংবাদমাধ্যম ‘আজেল’-এর বরাতে এ তথ্য জানা গেছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি হলেন— নাজেরুল ইসলাম আবদুল বাসির এবং সিতি আখতার।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট বা আনুষ্ঠানিক অভিযোগপত্র দেওয়া হয়। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের দোষী সাব্যস্ত করেন।

আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, অপরাধটির ভয়াবহতা এবং সময় ও পবিত্র স্থানের সম্মান মারাত্মকভাবে লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারক তাঁদের তাজিরি সাজা (বিবেচনামূলক শাস্তি) হিসেবে মৃত্যুদণ্ডের রায় দেন। পরবর্তীতে উচ্চ আদালত এই সাজা বহাল রাখেন এবং রাজকীয় আদেশ জারির পর সাজা কার্যকর করা হয়।

মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, পবিত্র স্থানসমূহের নিরাপত্তা নিশ্চিত করা, ইনসাফ প্রতিষ্ঠা এবং ইসলামি শরিয়াহ আইন বাস্তবায়নে সৌদি সরকার অত্যন্ত কঠোর। মসজিদের পবিত্রতা লঙ্ঘন কিংবা যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। ভবিষ্যতে কেউ এ জাতীয় অপরাধের চেষ্টা করলে তাকে একই ধরনের পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করা হয়।



Leave a Comment