শোষণ-বৈষম্যের বিরুদ্ধে শ্রমিক আন্দোলন গতিশীল করার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

October 16, 2026 | Feature-2 |

চট্টগ্রাম প্রতিনিধি: শ্রমিকদের সার্বিক অধিকার প্রতিষ্ঠা, আদর্শিক নেতৃত্ব গঠন এবং বর্তমান সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে শ্রমিক আন্দোলনকে কার্যকর ও গতিশীল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) চট্টগ্রাম বন্দরের শহীদ ফজলুল হক মুন্সী অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী আয়োজিত থানা ও সেক্টর কার্যনির্বাহী কমিটির সদস্যদের দিনব্যাপী ‘লিডারশিপ ক্যাম্প’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দিনব্যাপী লিডারশিপ ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের শ্রম পরিদর্শক শুভংকর দত্ত।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “বর্তমান প্রেক্ষাপটে শ্রমিক আন্দোলনকে শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ প্রতিষ্ঠার কার্যকর মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনে সংগঠিত আন্দোলনের বিকল্প নেই। এ জন্য দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের যোগ্যতা ও দূরদর্শিতা অর্জনের পাশাপাশি শ্রমিকদের বাস্তব সমস্যা অনুধাবন করে তা সমাধানে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও জোর দিয়ে বলেন, শ্রমিক আন্দোলনকে অবশ্যই আদর্শিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হবে এবং সততা, নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে সাধারণ শ্রমিকদের আস্থা অর্জন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, শ্রমিক ময়দানে আদর্শের প্রচার চালাতে হলে নেতৃবৃন্দকে নিজেদের জীবনেও তার প্রতিফলন ঘটাতে হবে। শ্রমিকদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে তাঁদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার তাগিদ দেন তিনি।

ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, প্রত্যাশিত শ্রমিক নেতৃত্বকে সৎ, দক্ষ, যোগ্য, ত্যাগী ও শ্রমিকবান্ধব হতে হবে। অন্যায় ও শোষণের বিরুদ্ধে আপসহীন থেকে শ্রমিকদের ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে চট্টগ্রাম মহানগরী আমীর নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম দেশের প্রধান শিল্প ও বাণিজ্যিক অঞ্চল হওয়ায় এখানকার শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে একটি শক্তিশালী ও সুশৃঙ্খল শ্রমিক আন্দোলন গড়ে তোলা জরুরি।

দিনব্যাপী এই লিডারশিপ ক্যাম্পে ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবীসহ মহানগর, থানা, সেক্টর, মহিলা বিভাগ ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের সর্বস্তরের শ্রমিক নেতৃবৃন্দ ডেলিগেট হিসেবে অংশ নেন।



Leave a Comment