ভারতে মন্দিরের বাইরে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় ১২নিহত, আহত ২৭

October 18, 2026 | Feature-2 |

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। শীতলা মাতা মন্দিরের কাছে ভক্তদের ওপর ধানবোঝাই একটি দ্রুতগতির ট্রাক উঠে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ২৭ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) দিবাগত রাত দেড়টার দিকে মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধানবোঝাই ট্রাকটি চিনোর দিক থেকে আসছিল। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি ঢালু সড়কে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সোজা এগিয়ে যায়। এরপর মন্দিরে ঢোকার মুখে অবস্থানরত ভক্ত ও পূজার্থীদের ওপর চড়াও হয়ে মন্দিরের মূল ফটক ও সীমানা প্রাচীরে সজোরে ধাক্কা খায়।

গোয়ালিয়রের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) ধর্মবীর সিং সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পরপরই স্থান থেকে মোট ৩৯ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা ১২ জনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আহত ২৭ জনের মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাদের অনেকের হাত-পায়ের হাড় ভেঙে গেছে। চিকিৎসাধীন বাকিদের আঘাত তুলনামূলক কম।

এ ছাড়া দুর্ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুই পুলিশ সদস্যও গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে আইনি পদক্ষেপ গ্রহণ করছে।



Leave a Comment