প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

October 19, 2026 | Feature-1 |

নিউজ ডেস্ক: অবশেষে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। নিজ উদ্যোগে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে গিয়ে দেশজুড়ে তোলপাড় ও বিতর্কের মুখে পড়ার পর পদত্যাগের এই চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ও পদত্যাগের কারণ

সংবাদ সম্মেলনে পদত্যাগের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে ইশরাক হোসেন বলেন, “আমি ঢাকা-৬ আসন থেকে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত বিএনপির একজন সংসদ সদস্য। গত ১২ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। সেই থেকে নিষ্ঠার সঙ্গেই অর্পিত দায়িত্ব পালন করে আসছিলাম।”

সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে সাম্প্রতিক আলোচনা-সমালোচনার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “গত দুই দিন ধরে একটি ঘটনাকে কেন্দ্র করে দেশি-বিদেশি গণমাধ্যমে নানা ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছে। এ বিষয়ে আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। আমি নিজে থেকেই মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি— আমি পদত্যাগ করতে চাই। কারণ আমার কোনো কর্মকাণ্ড বা ভুলের কারণে যেন সরকারের অর্জন, ভাবমূর্তি এবং মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ ম্লান না হয়ে যায়।”

মাদকের বিরুদ্ধে রাজপথে থাকার প্রত্যয়

পদত্যাগ করলেও নিজ এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ার সংগ্রাম থেকে পিছিয়ে যাবেন না বলে দৃঢ় ব্যক্ত করেন ইশরাক। তিনি জানান, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী পদে না থাকলেও একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে তাঁর এলাকার মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ আন্দোলন পূর্বের মতোই চলমান থাকবে।

উল্লেখ্য, গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে যান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক বিতর্ক ও রাজনৈতিক অঙ্গনে অসন্তোষ তৈরি হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত পদত্যাগের পথই বেছে নিলেন তিনি।



Leave a Comment