নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুতে জামায়াতের গভীর শোক

October 20, 2026 | Feature-2 |

নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত এবং অন্তত ৩২ জন আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকালে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই শোক প্রকাশ করা হয়।

নিহতদের মাগফিরাত ও আহতদের সুচিকিৎসার দাবি

শোকবার্তায় জামায়াত সেক্রেটারি বলেন, “নাটোরের বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে ভোরে সংঘটিত সড়ক দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানি ও বহু মানুষের আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। আমরা এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে ব্যথিত ও শোকাহত। মহান আল্লাহর কাছে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

বিবৃতিতে তিনি দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যথাযথ সরকারি সহযোগিতার দাবি জানান।

সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নের তাগিদ

সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়ে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশের সড়ক ও মহাসড়কগুলোতে ত্রুটিপূর্ণ ট্রাফিক ব্যবস্থাপনা এবং অনিয়মের কারণে প্রায়ই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। এ ধরনের অপমৃত্যু রোধে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ করা এবং সংশ্লিষ্ট খাতের অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, এদিন ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া সরকারপাড়া এলাকায় ঢাক থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘আরপি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৯ জন এবং পরবর্তীতে হাসপাতালে আরও ৫ জনসহ মোট ১৪ জনের প্রাণহানি ঘটে।



Leave a Comment