ষড়যন্ত্রকারীরা পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের
নিউজ ডেস্ক: ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে দেশের ঐতিহ্যবাহী পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে উল্লেখ করে এ ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
অস্থিরতা ও ভাঙচুরে উদ্বেগ প্রকাশ
জামায়াত আমির লিখেন, পোশাকশিল্পে দীর্ঘদিন ধরে অস্থিরতা অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো চরম উদ্বেগজনক ঘটনা ঘটছে, যা জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক হুমকি।
তিনি আরও উল্লেখ করেন, কোনো মালিক কিংবা শ্রমিক নিজের হাত দিয়ে শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের কোনো অধিকার আদায় বা প্রতিষ্ঠা করতে পারবেন না। জামায়াত বিশ্বাস করে, কোনো দেশপ্রেমিক ও সচেতন শ্রমিক এ ধরনের অনাকাঙ্ক্ষিত সহিংস কাজে জড়িত হতে পারেন না।
৬০০ কারখানা বন্ধ ও ষড়যন্ত্রের আশঙ্কা
শিল্প খাতের বর্তমান সংকট তুলে ধরে ডা. শফিকুর রহমান জানান, উদ্ভূত পরিস্থিতিতে ইতোমধ্যে সারাদেশে প্রায় ৬০০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুমকে সামনে রেখে বাংলাদেশের পোশাকশিল্পে বিশ্ববাজারে যে বিশাল সম্ভাবনা তৈরি হয়, তা নস্যাৎ করার জন্য কোনো গভীর ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।
মালিক-শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান
দেশের শিল্প খাতকে রক্ষা করতে এ ক্ষেত্রে মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ আন্তরিক, দায়িত্বশীল ও সতর্ক থাকার জোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কালক্ষেপণ না করে দ্রুত দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা ও কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান।