ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

মে ১৭, ২০২৬ | Feature-1 |

হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। একই সাথে এই কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।

আজ রোববার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই রিট আবেদনটি দায়ের করেন।

রিটের বিবাদী ও নোটিশের প্রেক্ষাপট:
দায়েরকৃত এই রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

এর আগে একই ইস্যুতে গত ৬ এপ্রিল সরকারের সংশ্লিষ্টদের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। ওই সময় নোটিশের বিষয়ে ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, সারা দেশে আকস্মিক বিলুপ্ত রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু ও সাধারণ নাগরিক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

আইনজীবীর বক্তব্য:
রিটকারী আইনজীবী জানান, হামের মতো গুরুত্বপূর্ণ টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট বা বেসরকারি খাতে হস্তান্তরের অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই বিষয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনপূর্বক সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল, সৈয়দ রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূর জাহান বেগম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সব সাবেক উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস-সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সব সাবেক ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত যাতে তারা দেশত্যাগ করতে না পারেন, রিটে সেই নিষেধাজ্ঞা জারির আর্জি জানানো হয়েছে। চলতি সপ্তাহেই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।



Leave a Comment