শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

May 21, 2026 | Feature-2 |

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা হত্যাকাণ্ড ও সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।

২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও স্বীকারোক্তি:
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে মূল আসামি আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দিও দিয়েছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হবে এবং দ্রুততম সময়ে এর বিচারিক প্রক্রিয়াও শেষ করা হবে।”

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই পৈশাচিক ঘটনার মাত্র ৭ ঘণ্টার মধ্যে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ।

আইনশৃঙ্খলা ও বিচারহীনতা প্রসঙ্গে:
বিচারহীনতার সংস্কৃতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিচারহীনতার কথা সবসময় সঠিক নয়। অনেক সময় আইনি প্রক্রিয়ার কারণে বিলম্ব হয়, কারণ বিচার আদালতের বিষয়। তবে তনু হত্যাসহ অতীতে ঝুলে থাকা বিভিন্ন মামলায় এখন দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।”

তিনি স্পষ্ট করে বলেন, “মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী ‘প্রো-অ্যাকটিভ’ (পূর্বপ্রস্তুতিমূলক) কাজ করছে। বর্তমান সরকার গঠনের পর এ জাতীয় যতগুলো অপরাধ বা ধর্ষণ-হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, প্রতিটিতেই পুলিশ দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য যা যা করার, আমরা তার সবই করার চেষ্টা করছি।”

আইন সংস্কার ও সরকারের তিন মাস:
মন্ত্রণালয়ের নানা সীমাবদ্ধতা ও সংস্কারের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “অনেক কিছুই করার বাকি রয়েছে, তা আমি মানি। কিন্তু বর্তমান সরকারের বয়স মাত্র তিন মাস। যেকোনো বড় সিদ্ধান্ত নিতে কিছুটা সময়ের প্রয়োজন হয়। আইন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সংশোধন আনা হবে।” তবে তিনি সতর্ক করে বলেন, “জনগণের ক্ষোভ মেটাতে সাময়িকভাবে হুট করে আইন প্রণয়ন সবসময় ভালো ফল আনে না। খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে যেন আবার কোনো অবিচার করা না হয়, আমাদের সেই দিকটাও দেখতে হবে।”



Leave a Comment