দুদকের মামলায় অবশেষে দুবাইয়ে ধরা পড়লেন বেনজীর আহমেদ
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় ইন্টারপোলের (আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা) সহযোগিতায় বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে।
আজ রবিবার (১৪ জুন) দুপুরে বাংলাদেশ পুলিশ সদরদফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এই বিগ ব্রেকিং তথ্য নিশ্চিত করেছেন।
১২ জুনের চিঠিতে নিশ্চিত করেছে দুবাই পুলিশ:
নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদরদফতরের ওই শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “দুদকের দায়ের করা মামলায় রেড নোটিশের ভিত্তিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে দুবাইয়ে গ্রেফতার করা হয়। দুবাই পুলিশ গত ১২ জুন (শুক্রবার) বাংলাদেশ পুলিশকে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়ে এই গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে।” তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলেও পুলিশের ওই সূত্রটি আভাস দিয়েছে।
তদন্তে বেরিয়ে আসে বিপুল অবৈধ সম্পদ:
উল্লেখ্য, অবসরে যাওয়ার পর সাবেক এই প্রভাবশালী পুলিশ প্রধানের বিরুদ্ধে দেশে-বিদেশে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, জমি দখল, রিসোর্ট নির্মাণ এবং বিপুল পরিমাণ অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগ ওঠে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে গভীর অনুসন্ধান শুরু করলে তিনি গোপনে দেশত্যাগ করেন। পরবর্তীতে অনুসন্ধান শেষে দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে এবং আদালত তার দেশী-বিদেশী সমস্ত সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট ও স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দেন।
আদালতের নির্দেশে ও দুদকের অনুরোধে পরবর্তীতে পুলিশ সদরদফতরের এনসিবি (ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো) শাখা বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে বিশ্বজুড়ে ‘রেড নোটিশ’ জারি করে। সেই রেড নোটিশের সূত্র ধরেই দুবাই পুলিশ তাকে নজরদারিতে রাখে এবং গত শুক্রবার তাকে আটক করতে সক্ষম হয়। বাংলাদেশের অপরাধের ইতিহাসে একজন সাবেক আইজিপির আন্তর্জাতিক পুলিশের সহায়তায় বিদেশে গ্রেফতার হওয়ার ঘটনা এটিই প্রথম।