সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সিলেট ব্যুরো: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার জেলা সফরের উদ্দেশ্যে সিলেটে এসে পৌঁছেছেন তারেক রহমান। আজ বুধবার (১৭ জুন) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে সরকারপ্রধানকে সিলেট ও মৌলভীবাজার জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং বিভাগীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অভ্যর্থনা জানান। সিলেটে নামার পরপরই তিনি বিশেষ নিরাপত্তার মধ্যে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
বিমানবন্দরে নিচ্ছিদ্র নিরাপত্তা, নেতাকর্মীদের ঢল:
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের দীর্ঘ সড়ক এলাকায় নজিরবিহীন ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পিজিআর, এসএসএফ এবং প্রশাসনের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে দেখা যায়।
এদিকে, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দর রোড ও সিলেট-মৌলভীবাজার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ব্যানার, ফেস্টুন হাতে অবস্থান নিয়েছেন জেলা ও মহানগর বিএনপির হাজার হাজার সর্বস্তরের নেতা-কর্মী। উগ্র রোদ উপেক্ষা করে রাস্তার দু-পাশে দাঁড়িয়ে তারা সরকারপ্রধানকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান।
মৌলভীবাজারের মূল কর্মসূচি ও সময়সূচি:
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর গত ২ মে প্রথমবার সিলেট সফর করেছিলেন তারেক রহমান। তবে এবারের সফরে সিলেট জেলায় তাঁর কোনো আনুষ্ঠানিক বা দাপ্তরিক কর্মসূচি রাখা হয়নি; পুরো সফরসূচিই সাজানো হয়েছে মৌলভীবাজার জেলাকে ঘিরে।
চূড়ান্ত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সড়কপথে মৌলভীবাজারে পৌঁছে দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ঐতিহাসিক ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সরকারের মেগা সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
এরপর বিকেলে শ্রীমঙ্গলের দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা-তে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের রাজনৈতিক নীতি-নির্ধারণী সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল পৌনে ৬টায় তিনি আবার সড়কপথে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন এবং সিলেট ওসমানী বিমানবন্দর থেকে বিমানযোগে রাত সাড়ে ৮টায় ঢাকায় প্রত্যাবর্তনের কথা রয়েছে তাঁর।