তথ্যপ্রযুক্তির যুগে সাইবার নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

July 1, 2026 | Feature-2 |

নিজস্ব প্রতিবেদক: বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা ইস্যুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে নিরাপত্তার ধারণায় গুণগত ও কাঠামোগত ব্যাপক পরিবর্তন এসেছে। তাই আমাদের সামগ্রিক প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থায় তথ্যপ্রযুক্তিকে আরও আধুনিক, শক্তিশালী ও সময়োপযোগী করে তুলতে হবে। প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে দেশের নিরাপত্তা সংস্থাসমূহকে আধুনিকায়নের কোনো বিকল্প নেই।

আজ বুধবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান সময়ে সাইবার নিরাপত্তা কেবল কোনো প্রাতিষ্ঠানিক বিষয় নয়, বরং এটি সামগ্রিক জাতীয় নিরাপত্তার একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। দেশের অগ্রযাত্রাকে টেকসই করতে হলে ডিজিটাল দুনিয়ার নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। এই লক্ষ্যে সরকারের তথ্য মন্ত্রণালয়সহ সকল নিরাপত্তা বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’ অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ। এই প্ল্যাটফর্মটি বাহিনীর বিভিন্ন সেবামূলক কার্যক্রম, জনসম্পৃক্ত উদ্যোগ এবং দেশের অভ্যন্তরীণ সুরক্ষায় তাদের গৌরবোজ্জ্বল অবদান অত্যন্ত সহজে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে তৃণমূলের মানুষের সাথে বাহিনীর যোগাযোগ আরও নিবিড় ও স্বচ্ছ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনলাইন মাধ্যমে আয়োজিত এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ এবং তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কর্মকর্তারা জানান, ডিজিটাল মাধ্যমে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের সাইবার গুজব প্রতিরোধে এই প্ল্যাটফর্মটি নিয়মিত কাজ করবে।



Leave a Comment