নতুন পোশাকে ফিরল পুলিশ

July 1, 2026 | Feature-2 |

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর সামগ্রিক সংস্কারের অংশ হিসেবে প্রথমবার নতুন পোশাক পরে মাঠপর্যায়ের দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। আজ বুধবার সকালে রাজউক পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই নতুন পোশাকে দেখা যায়। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত সরকারের আমলের বিতর্কিত পোশাক বদলে ফেলার যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এই পোশাক পরিবর্তনের মাধ্যমে তারই আনুষ্ঠানিক প্রতিফলন ঘটল।

নতুন পোশাকের নকশা ও রঙ অনুযায়ী, মেট্রোপলিটন এলাকার পুলিশ সদস্যরা এখন থেকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি রঙের প্যান্ট পরে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে মেট্রোপলিটন এলাকার বাইরে দেশের অন্যান্য জেলা ও অঞ্চলে কর্মরত পুলিশ সদস্যদের পোশাকের রঙ নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল শার্ট এবং খাকি প্যান্ট। সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে পোশাকের এই আমূল পরিবর্তন সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে বাহিনীটির ভাবমূর্তি ও চেইন অব কমান্ড ফিরিয়ে আনতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পোশাকের এই নতুন রূপান্তরের ঐতিহাসিক দিনটিতেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী ও নিবিড় করতে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর শুভ উদ্বোধন করা হয়। আজ বুধবার সকাল ৯টায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের এক নম্বর সেক্টরের ১০২ নম্বর রোডে অবস্থিত রাজউক সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ডে এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই পুলিশ ক্যাম্পের ফলক উন্মোচন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজউকের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তৃতায় আইজিপি বলেন, নতুন পোশাকে পুলিশ নতুন উদ্যমে জনগণের সেবায় আত্মনিয়োগ করবে। পূর্বাচলবাসীর সার্বিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতে এই নতুন ক্যাম্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।



Leave a Comment