দাম কমলো এলপি গ্যাসের
নিউজ ডেস্ক: চলতি জুলাই মাসের জন্য ভোক্তা ও সাধারণ গ্রাহকপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার, যেখানে এক ধাক্কায় দাম অনেকটাই কমিয়ে আনা হয়েছে। বহুল ব্যবহৃত প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে এক লাভে ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ দর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর চেয়ারম্যান জালাল আহমেদ। নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের দাম ও জাহাজভাড়া (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্য হারে কমে আসায় দেশীয় বাজারেও এর সুফল দিতে এই মূল্য হ্রাস করা হয়েছে, যা আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকেই সারা দেশে একযোগে কার্যকর হবে।
১২ কেজির সিলিন্ডারের পাশাপাশি বাসাবাড়িতে ব্যবহৃত অন্যান্য ওজনের সিলিন্ডারগুলোর দামও অনুপাত হারে কমানো হয়েছে। একই সাথে পরিবর্তন আনা হয়েছে যানবাহনে ব্যবহৃত পরিবেশবান্ধব জ্বালানি অটোগ্যাসের দামেও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে একবারে ১৬ টাকা ৫৩ পয়সা কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা পরিবহন চালকদের জন্য স্বস্তি বয়ে আনবে। উল্লেখ্য, এর আগে গত ২ জুন আন্তর্জাতিক বাজারের সাথে সংগতি রেখে সর্বশেষ এলপি গ্যাসের দাম সমন্বয় করেছিল বিইআরসি। সে সময় ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে মাত্র ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা করা হয়েছিল এবং অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল। বিইআরসি জানিয়েছে, ২০২১ সালের এপ্রিল মাস থেকে আন্তর্জাতিক বাজার বা সৌদি আরামকোর কনট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী প্রতি মাসে নিয়মিতভাবে এলপিজির এই মূল্য সমন্বয় প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।