প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ

July 21, 2026 | Feature-2 |

নিজস্ব প্রতিবেদক: সচিব পদমর্যাদায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি নেতা মো. রাশেদ খান।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেওয়ার মাধ্যমে নিজের অর্পিত প্রশাসনিক ও রাজনৈতিক দায়িত্ব পালন শুরু করেন তিনি।

দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করে রাশেদ খান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার বার্তায় লেখেন, “আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় যোগদান সম্পন্ন করলাম। সবার দোয়া চাই।”

প্রজ্ঞাপনের শর্ত ও নিয়োগের পটভূমি
এর আগে গত রবিবার (১৯ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি জানানো হয়েছিল।

প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয় যে, মো. রাশেদ খানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

জনস্বার্থে জারি করা ওই আদেশে আরও বলা হয়, এই বিশেষ নিয়োগের অন্যান্য আনুষঙ্গিক শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। প্রজ্ঞাপন জারির পর তিনি প্রজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে প্রধানমন্ত্রীর প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিলেন।



Leave a Comment