পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

July 24, 2026 | Feature-1 |

নিউজ ডেস্ক: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপ্রধানের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি তাঁর পদত্যাগপত্র দাখিল করেছেন।

আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ ও পরবর্তী সাংবিধানিক আইনি পদক্ষেপের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাতে বিকেল সোয়া ৫টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) এক জরুরি সংবাদ আহ্বান করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অসুস্থতার কারণ জানিয়ে পদত্যাগপত্র
রাষ্ট্রপতির কার্যালয় ও বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, দীর্ঘদিনের শারীরিক ও শারীরিক অসামর্থ্যতার কারণে দায়িত্ব পালনে অক্ষমতা প্রকাশ করেছেন বিদায়ী রাষ্ট্রপতি। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ সম্প্রতি অটোনোমিক নিউরোপ্যাথি রোগে আক্রান্ত হয়েছেন। এর ফলে মাঝে মাঝে অচেতন হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। জটিল স্বাস্থ্য সমস্যার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না উল্লেখ করে তিনি দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি ও অসুস্থতাজনিত কারণে দায়িত্ব পালনে অক্ষম হলে, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন। সেই অনুযায়ী বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।

এছাড়া সংবিধানের ১২৩ অনুচ্ছেদের শর্ত অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতায় থাকায় পরবর্তী রাষ্ট্রপতির আসনে তাদের মনোনীত প্রার্থীই নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে স্পিকারের প্রত্যাবর্তন
এর আগে, চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড সফররত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাব্য বার্তা পেয়ে আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে তাঁর ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরে আসেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়নে ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মো. সাহাবুদ্দিন। তাঁর স্বাভাবিক কার্যকাল ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত হলেও মেয়াদের পৌনে দুই বছর বাকি থাকতেই দায়িত্ব থেকে ইস্তফা দিলেন তিনি।



Leave a Comment