দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে আইনি ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহী প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের দুবাই আদালত থেকে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সরকারের পদক্ষেপের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “আমরা জামিনের বিষয়টি জানতে পেরে দুবাইস্থ রাষ্ট্রদূতের সাথে কথা বলেছি। জামিন আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চলছে। একই সাথে তাঁর এই জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুবাইয়ে একটি ল ফার্ম (আইনি পরামর্শক প্রতিষ্ঠান) নিয়োগ করা হয়েছে।”
আজ রোববার (২ আগস্ট ২০২৬) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করে জানান, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই বেনজীর আহমেদকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে।
কীভাবে কারামুক্ত হলেন বেনজীর
পারিবারিক সূত্র ও গণমাধ্যমের বরাতে জানা গেছে, আইনি আনুষ্ঠানিকতা শেষে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দুবাইয়ের কারাগার থেকে মুক্ত হন সাবেক এই আইজিপি। তবে আদালতের জামিনের কঠোর শর্ত অনুযায়ী, বেনজীরের পাসপোর্ট বর্তমানে আদালতের জিম্মায় রাখা হয়েছে এবং সরকারের অনুমতি ছাড়া তাঁর সংযুক্ত আরব আমিরাত ত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে।
এর আগে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোল ও দুবাই পুলিশের সহযোগিতায় দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজীর আহমেদ। গত ১২ জুন দুবাই পুলিশ চিঠির মাধ্যমে এই গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল।
পরবর্তীতে তাঁকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের পাঠানো প্রয়োজনীয় নথি ও যুক্তি নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাকে এই শর্তসাপেক্ষ জামিন প্রদান করেন।