গ্যাস-বিদ্যুৎ সংকট সরকারের অব্যবস্থাপনার ফল: মোমবাতি মিছিলে সেলিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক: গ্যাস ও বিদ্যুৎ সংকট কোনো যুদ্ধ বা বৈশ্বিক পরিস্থিতির কারণে নয়, বরং সরকারের চরম অবহেলা ও অব্যবস্থাপনার কারণে তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, বর্তমানে ঘরে ঘরে কোনো আলো নেই; সাধারণ মানুষের একমাত্র সম্বল এখন মোমবাতি।
আজ শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) সন্ধ্যায় রাজধানীর উত্তর বাড্ডায় বিদ্যুৎ সংকটের প্রতিবাদে আয়োজিত এক মোমবাতি মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
যুদ্ধের দোহাই ও হিডেন চার্জ বন্ধের দাবি
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কৃত্রিম যুদ্ধের দোহাই দিয়ে সরকার নিজের ব্যর্থতা ঢাকতে পারবে না। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে যারা নিয়োজিত আছেন, তারা অতীত থেকেই ব্যর্থতার পরিচয় দিয়ে আসছেন।
তিনি অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ স্বাভাবিক করার পাশাপাশি গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া ‘হিডেন চার্জ’ বন্ধের জোর দাবি জানান। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।
বিদ্যুৎ করিডোর ও দূরদর্শিতার অভাব
গত কয়েক সপ্তাহ ধরে চলমান তীব্র বিদ্যুৎ সংকটকে অস্বাভাবিক উল্লেখ করে তিনি ভারতের সাথে ‘বিদ্যুৎ করিডোর’ সংক্রান্ত সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, দেশের মানুষ যখন অন্ধকারে নিমজ্জিত, তখন এই ধরনের সিদ্ধান্ত সাধারণ জনগণ কোনোভাবেই মেনে নেবে না।
তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিতে গণমুখী রাজনীতি করে যাচ্ছে।
আন্দোলন ও বার্তা
মিছিল শেষে সেলিম উদ্দিন বলেন, আজকের এই মোমবাতি প্রদর্শন কেবল প্রতিবাদ নয়, এটি একটি বার্তা। অন্ধকার যত গভীরই হোক না কেন, জনগণের ন্যায্য দাবির কণ্ঠস্বর কখনো নিভে যাবে না।
উক্ত মিছিলে জামায়াত ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, মহানগরীর মজলিসে শূরা সদস্য কুতুবউদ্দিন, মিজানুর রহমান এবং অ্যাডভোকেট রেজাউল করিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।