কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রী তাজমিন হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

October 9, 2026 | Feature-2 |

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) বিবস্ত্র ও গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় প্রধান অভিযুক্ত সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আলামত নিহত তাজমিনের ব্যবহৃত মোবাইল ফোনটি এখনো উদ্ধার করা যায়নি।

জেলা পুলিশ সুপার জানান, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম বন্দরনগরী থেকে প্রধান অভিযুক্ত সুমনকে জালে তোলা সম্ভব হয়েছে।

আরো পড়ুন: নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার; মৃত্যুর আগে বাবার মোবাইলে পাঠিয়েছিল লাইভ লোকেশন

নির্মম এই হত্যাকাণ্ডে সুমনের সঙ্গে আর কারা সরাসরি জড়িত ছিল এবং ঠিক কী উদ্দেশ্যে কিশোরীটিকে নির্জন মাঠে নিয়ে হত্যা করা হয়েছে, তা জানতে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার রাতে বাবার মুঠোফোনে লাইভ লোকেশন ও আকুতি ভরা বার্তা পাঠানো তাজমিনের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধারে তদন্তকারী দল জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া জঙ্গলসংলগ্ন একটি ফসলি জমি থেকে পোশাকহীন ও গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে ধস্তাধস্তির চিহ্ন এবং একটি পরিত্যক্ত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

গতকাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনরা তাজমিনের মরদেহ গ্রামের বাড়ি যশোরে নিয়ে যান এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন।

ঘটনার দিন রাতেই নিহতের বাবা আব্দুল আলীম বাদী হয়ে লালমাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হলো জেলা পুলিশ।



Leave a Comment