নারীরা দেশ ও জাতির উন্নয়নে অনন্য ভূমিকা পালন করতে পারেন: ডা. শফিকুর রহমান
চট্টগ্রাম ব্যুরো: মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, এমপি বলেছেন, “ইসলাম নারীদেরকে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার পূর্ণ অধিকার ও মর্যাদা দিয়েছে। সততা, যোগ্যতা ও নৈতিকতার সমন্বয়ে নারীরা দেশ ও জাতির অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে অনন্য ভূমিকা পালন করতে পারেন।”
আজ শনিবার (১৩ জুন) বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের মহিলা বিভাগের বাছাইকৃত দায়িত্বশীলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের উন্নয়নে নারীদের কাজ ও ভূমিকা:
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান দেশের সামগ্রিক উন্নয়নে নারীদের কাজের পরিধি ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, “একটি আদর্শ ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে ঘরের আঙিনা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত নারীদের কাজের অবদান অনস্বীকার্য। পরিবার গঠনে মায়ের ভূমিকা যেমন প্রথম ও প্রধান, ঠিক তেমনি দেশের শিক্ষা, চিকিৎসাসেবা, উদ্যোক্তা খাতসহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নারীরা সততার সাথে দায়িত্ব পালন করছেন। জামায়াতে ইসলামী এমন একটি নিরাপদ কর্মপরিবেশ ও সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে প্রত্যেক নারী পূর্ণ ধর্মীয় ও সামাজিক নিরাপত্তা বজায় রেখে দেশের উন্নয়নে সর্বোচ্চ অবদান রাখতে পারেন।”
তিনি সমাবেশে উপস্থিত নারী নেতৃত্ব ও দায়িত্বশীলদের উদ্দেশে দেশ গঠন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নৈতিকতাসম্পন্ন সুনাগরিক গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান।