১০ টাকা কেজি চালের মতো অনেক কার্ডের লোভ দেখানো হচ্ছে: জামায়াত আমির

১০ টাকা কেজি চালের মতো অনেক কার্ডের লোভ দেখানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘মানুষকে এখনই যেন ফ্ল্যাট হাতে তুলে দেওয়া হচ্ছে, এগুলোতে আচরণবিধি লঙ্ঘন হয় না? আমরা কোনো লঙ্ঘন করিনি, এআই দিয়ে এসমস্ত করে আমাদের বিরুদ্ধ ছাড়া হচ্ছে কি না, সেটাও দেখতে হবে। আমরা চোরাপথে জনগণের ভোটের বৈধ অধিকার এবং শক্তিকে প্রভাবিত করাকে ঘৃণা করি।’

তিনি বলেন, ‘বিকাশ নম্বর নেবে কেন? আমরা তো মানুষকে কেনার চিন্তা করি না। আমরা মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই। যারা নিজেরাই এ কাজ করেন, তারা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন।’

শুক্রবার সকালে উত্তরাঞ্চলে নির্বাচনি সফরে যাওয়ার আগে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আজ সারা দিনে পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে চারটি বড় নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের আমির বলেন, ‘গত ৫৪ বছরে দেশ চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি। বিশেষ করে সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস এবং জাতির ঘাড়ে বিপুল পরিমাণ ঋণের বোঝা রেখে দেওয়া হয়েছে। বিপুলসংখ্যক যুবসমাজ এখনো দারুণভাবে বেকারত্বে ভুগছে। এগুলো আমাদের মোকাবিলা করতে হবে। কর্মক্ষেত্রে মা-বোনদের নিরাপদ পরিবেশ নিশ্চিতের চ্যালেঞ্জ আছে। এসব প্রেক্ষাপটে সামনে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। আমাদের প্রথম বার্তা হচ্ছে, দেশের স্বার্থে একটা জায়গায় সবারই ঐক্যবদ্ধ থাকা উচিত।’

এবারের নির্বাচন যেন একটা গৌরবজনক ও স্মরণীয় হয়, সে জন্য যুবকদের আরো দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়।

এ সময় তার সঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগর উত্তরের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন উপস্থিত ছিলেন।



Leave a Comment