ছাত্র রাজনীতি নয়, নিষিদ্ধ হোক অপসংস্কৃতি: রাশেদ খাঁন

ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবির আড়ালে ষড়যন্ত্র ও ক্যাম্পাসের পরিবেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তাঁর মতে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার চেয়ে ক্যাম্পাসে চলমান বিভিন্ন অপসংস্কৃতি বন্ধ করা বেশি জরুরি।

ছাত্র শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ নিয়ে সমালোচনা:

রাশেদ খাঁন তাঁর পোস্টে ছাত্র শিবিরের রাজনৈতিক কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের সময় শিবির ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছিল, কারণ তারা ভেবেছিল আওয়ামী লীগের পতনের পর হয়তো তারা প্রকাশ্যে আসার সুযোগ পাবে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা একের পর এক আত্মপ্রকাশ করে এবং সাধারণ মানুষ তাদের সাধুবাদও জানায়। তিনি একে ‘শেয়ালের লেজ কাটা গল্পের’ সঙ্গে তুলনা করে বলেন, “প্রকাশ্যে আসার পর আজ অবধি কারও কোনো সমস্যা হয়নি। কিন্তু গোপনে সাধারণ শিক্ষার্থী সেজে থাকার সুবিধা বেশি এনালাইসিস করে শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে।”

আরো পড়ুন: ইডেনে ‘মব’ সৃষ্টিতে ছাত্রীসংস্থার ইন্ধন, প্রতিরোধের হুঁশিয়ারি ছাত্রদলের

ইডেন কলেজের আন্দোলন ও মুখোশধারী শিক্ষার্থী:

গত রাতে ইডেন কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে হওয়া আন্দোলন নিয়ে বিস্ময় প্রকাশ করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, “অদ্ভুত হয়ে গেলাম, এসব শিক্ষার্থীরা অধিকাংশ নেকাব কিংবা মাস্ক পরা! অথচ জুলাই গণঅভ্যুত্থানের সময় ইডেনের যে শিক্ষার্থীরা গেট ভেঙে নেমে এসেছিল, তারা কিন্তু স্বাভাবিক পোশাকেই ছিল। তারা নিজেকে লুকাতে চায়নি।”

ক্যাম্পাসের সুনাম রক্ষায় পরামর্শ:

ইডেন কলেজের শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দিয়ে রাশেদ খাঁন বলেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধের আন্দোলনের চেয়ে ক্যাম্পাসের সুনাম নষ্টকারী অপসংস্কৃতি বন্ধে সোচ্চার হওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, প্রতিদিন সন্ধ্যার পর ইডেনের সামনের রাস্তার দুই ধারে অনেকে দীর্ঘসময় বসে থেকে কলেজের বদনাম করছে। তিনি বলেন, “কোনো অভিভাবক শিক্ষার্থীর সাথে সাক্ষাৎ করতে এলে গেস্টরুমের সুযোগ আছে। কিন্তু রাস্তার দুই ধারে বসে থাকার এই অপসংস্কৃতি বন্ধের দাবিতে আন্দোলন করলে মানুষ সাধুবাদ জানাবে।”

Facebook
X
Telegram
WhatsApp
Email
Print

সর্বশেষ সংবাদ