ইরান যুদ্ধ উত্তেজনার মধ্যেই ভারত-ইউএই প্রতিরক্ষা চুক্তি :৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা

May 15, 2026 | Feature-2 |

আন্তর্জাতিক ডেস্ক : ইরান যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ভারত প্রতিরক্ষা, জ্বালানি এবং জাহাজ চলাচল সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার আবুধাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইউএই-র প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই কৌশলগত অংশীদারিত্ব চূড়ান্ত হয়।

প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা:
আল জাজিরা জানায়, বৈঠক শেষে জারি করা এক যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে দুই দেশ প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা, উন্নত প্রযুক্তি উদ্ভাবন, যৌথ সামরিক মহড়া, সামুদ্রিক নিরাপত্তা এবং সাইবার ডিফেন্সের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করবে। বিশেষ করে তথ্য আদান-প্রদান এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে দুই দেশ একযোগে কাজ করতে সম্মত হয়েছে।

জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত রিজার্ভ:
জ্বালানি খাতে একটি বড় চুক্তি হয়েছে ইউএই-র ফুজাইরাহ বন্দরে ভারতের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ গড়ে তোলা নিয়ে। চুক্তির আওতায় ভারত সেখানে অপরিশোধিত তেল মজুত করতে পারবে এবং ইউএই ভারতকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ নিশ্চিত করবে। উল্লেখ্য, সম্প্রতি ফুজাইরাহ বন্দরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একটি তেল শোধনাগারে আগুন ধরে যায় এবং তিনজন ভারতীয় শ্রমিক আহত হন। প্রধানমন্ত্রী মোদি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

অর্থনৈতিক বিনিয়োগ:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে সংযুক্ত আরব আমিরাত ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলার বিনিয়োগ করবে। বর্তমানে ইউএই-তে প্রায় ৪৩ লাখ ভারতীয় বসবাস ও কাজ করছেন, যারা যুদ্ধের কারণে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকির মুখে রয়েছেন।

জ্বালানি সংকটের মুখে ভারত:
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, ইরান-ইসরায়েল যুদ্ধ এবং হরমুজ প্রণালী অবরোধের ফলে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তার বড় প্রভাব পড়েছে ভারতে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে ভারত তার চাহিদার ৯০ শতাংশ তেল আমদানি করে, যার অর্ধেকই আসে হরমুজ প্রণালী দিয়ে। সংকটের কারণে সম্প্রতি ভারতে জ্বালানি তেলের দাম ৩ শতাংশ বৃদ্ধি করতে হয়েছে। এই পরিস্থিতিতে ইউএই-র সাথে এই চুক্তি ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

শেখ মোহাম্মদ বিন জায়েদ এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, মোদির সাথে তার এই আলোচনা জ্বালানি, প্রযুক্তি এবং অন্যান্য অগ্রাধিকারমূলক খাতে সহযোগিতার নতুন গতি সঞ্চার করবে।



Leave a Comment