বঙ্গভবন ছাড়লেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

July 26, 2026 | Feature-2 |

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ঠিক দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে রওনা হন।

এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তিনি।

৩ বছর ৩ মাসের বঙ্গভবন অধ্যায়ের সমাপ্তি
সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হলেও মো. সাহাবুদ্দিন মোট তিন বছর তিন মাস বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি শপথ গ্রহণ করেছিলেন এবং ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগের মাধ্যমে তাঁর সেই মেয়াদের সমাপ্তি ঘটে।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক মুহূর্ত, রাজনৈতিক রূপান্তর এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে নেতৃত্ব দেন। পদত্যাগের পর আজ বঙ্গভবন ত্যাগের মধ্য দিয়ে বঙ্গভবনে তাঁর অবস্থানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি
বঙ্গভবন সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপরাগতা জানিয়ে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। তিনি দ্রুতই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব প্রদান করে ইতোমধ্যে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।



Leave a Comment