বাজেট যেন লুটপাটের হাতিয়ার না হয়: মিয়া গোলাম পরওয়ার
স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে দেশের প্রথম সারির অর্থনৈতিক সাংবাদিকদের সাথে ‘জাতীয় বাজেট ভাবনা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর পল্টনে অবস্থিত ‘ইকোনমিক রিপোর্টার্স ফোরাম’ (ইআরএফ) অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বাজেট তৈরিতে বিকল্প ও কঠোর বার্তা:
প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, “স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ছিল মাত্র ৭৮৬ কোটি টাকার। সেই বাজেট ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে আসন্ন অর্থবছরে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকায় ঠেকছে। কিন্তু স্বাধীনতার ৫৫ বছরে এসে বাজেটের বিশালত্ব বাড়লেও সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি, জনগণের জীবনমানেরও কোনো টেকসই উন্নয়ন ঘটেনি। উল্টো অনেক সময় বাজেটকে লুটপাটের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।” আসন্ন বাজেট যাতে কোনোভাবেই দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যম হতে না পারে, সেজন্য সরকারকে সুনির্দিষ্ট ও স্বচ্ছ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি।
অর্থনীতিতে গতিশীলতা আনতে জামায়াতে ইসলামী যেকোনো ইতিবাচক সহযোগিতা করতে প্রস্তুত উল্লেখ করে তিনি আরও বলেন, “বিরোধী দলের কাজ কেবল সংসদে কথা বলে চলে আসা নয়। দেশের সার্বিক উন্নয়নে সরকার ও বিরোধী পক্ষকে সমান দায়িত্বশীল ভূমিকা রাখতে হয়।”
ঋণনির্ভরতা ও ‘তেলা মাথায় তেল দেওয়া’ নীতির সমালোচনা:
সভাপতির বক্তব্যে ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, “আমাদের প্রচলিত ‘তেলা মাথায় তেল দেওয়া’ বা ধনীবান্ধব বাজেট ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। বাজেট হওয়া উচিত সর্বজনীন।” ঋণনির্ভর বাজেটের কারণে দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত চূড়ায় পৌঁছাতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী এমন এক জবাবদিহিমূলক বাজেট দেখতে চায় যেখানে জনগণের ট্যাক্সের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং বিদেশি ঋণের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় অর্থনীতিকে স্বাবলম্বী করা যাবে।
প্রথাগত বাজেট ও বাস্তবতার দূরত্ব:
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক ড. একেএম ওয়ারেসুল করিম।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, “আমলাতান্ত্রিক বা ট্র্যাডিশনাল বাজেট তৈরির প্রক্রিয়া থেকে আমাদের বের হতে হবে। যারা ঘরের ভেতর বসে বাজেট তৈরি করেন, তারা অনেক সময় মাঠপর্যায়ের কঠোর বাস্তবতা বুঝতে পারেন না। কৃষি উৎপাদন বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনই হওয়া উচিত বাজেটের মূল লক্ষ্য। দেশীয় সম্পদ ও খনিজ উত্তোলনে জোর না দিয়ে কেবল বৈদেশিক ঋণের ওপর ভর করলে অর্থনীতি এগোবে না।”
মুক্ত আলোচনায় বিশিষ্টজনদের অংশগ্রহণ:
সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে আরও বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকা এমপি, এডভোকেট সাবিকুন্নাহার মুন্নি এমপি, সাবেক সিনিয়র সচিব খ. ম খবিরুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, ডেইলি স্টারের রাকায়েত উল্লাহ মৃধা, সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌহিদুল ইসলাম খান, সাংবাদিক লুৎফর কবির সাদী এবং এসএ টিভির নিউজ এডিটর সালাহউদ্দিন বাবলুসহ প্রমুখ ব্যক্তিবর্গ।