১ বছর পর কাশিমপুর কারাগার থেকে মুক্ত সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬ | Feature-2 |

গাজীপুর প্রতিনিধি: অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। আজ বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন।

সাবেক এই মেয়রের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মোট ১২টি মামলা চলমান রয়েছে। সবকটি মামলাতেই আদালত তাঁর জামিন মঞ্জুর করায় এবং কারাগার কর্তৃপক্ষ আইনি কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেয়। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার তাঁর মুক্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ও আইনি প্রক্রিয়ার খতিয়ান:

উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসভবন থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঘটা হত্যা, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনের মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে সবকটি মামলায় উচ্চ আদালত থেকে তাঁর জামিন আদেশ আসে।

এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় গত ৩০ এপ্রিল হাইকোর্ট রুল জারি করে আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ এই জামিন স্থগিত চেয়ে পৃথক আবেদন করলেও গত ১৭ মে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত রাষ্ট্রপক্ষের আবেদনে ‘নো অর্ডার’ দেন। এর আগে গত ১০ মে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক ১০টি মামলায় আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। সব মিলিয়ে ১২টি মামলাতেই উচ্চ আদালতের জামিন বহাল থাকার আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছালে আজ রাতে তাঁর দীর্ঘ কারাবাসের অবসান ঘটে।

টানা দুই দশকের জনপ্রতিনিধি:

ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বে অত্যন্ত পরিচিত মুখ। তিনি ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত সাবেক নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পৌরসভাটি নবগঠিত সিটি করপোরেশনে রূপান্তরিত হলে সেখানেও টানা তিনটি নির্বাচনে বিপুল ভোটে মেয়র পদে জয়ী হয়ে রেকর্ড গড়েন তিনি।

আজ রাতে জামিনে মুক্তির সময় কারাফটকে ডা. আইভীর নিযুক্ত প্রধান আইনজীবী অ্যাডভোকেট আওয়াদ হোসেনসহ তাঁর কয়েকজন প্যানেল আইনজীবী ও নিকটাত্মীয়-স্বজনেরা উপস্থিত ছিলেন।



Leave a Comment