বাগেরহাট ও খুলনা সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

November 5, 2026 | Feature-1 |

নিউজ ডেস্ক: একদিনের সংক্ষিপ্ত সরকারি সফরে বাগেরহাট ও খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে হেলিকপ্টারে করে মোংলায় অবতরণ করেন তিনি।

এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকার গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরবর্তীতে সকাল ৯টায় সেখান থেকে হেলিকপ্টারযোগে তিনি মোংলার উদ্দেশে যাত্রা করেন।

সফরসূচি অনুযায়ী, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া মোংলা বন্দর কর্তৃপক্ষের এই বিশেষ অনুষ্ঠানে তাঁর উপস্থিতিতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহজীকরণ ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার কথা রয়েছে।

মোংলা বন্দরের উদ্বোধনী ও প্রাতিষ্ঠানিক কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং মোনাজাতে অংশ নেবেন।

এরপর বিকেলে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সফরের সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে আজ সন্ধ্যায়ই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।



Leave a Comment