জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার
নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও দৈনিক পর্যবেক্ষণের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল বুধবার (৪ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে রাতে ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মহাখালী থেকে ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর রাতে যাত্রাবাড়ী থানার ওই হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ফেরত পাঠিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। ওই দিন সৌদি অ্যারাবিয়ান এরলাইন্সের একটি ফ্লাইটে তাঁর জেদ্দা যাওয়ার কথা ছিল।
এদিকে গতকাল একই দিনে একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান ও সাংবাদিক রাজীব ঘোষকেও আটক করা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদের পর রাতে পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।