৩ মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পদক্ষেপ দৃশ্যমান, ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকুন: মির্জা ফখরুল

জুন ৩, ২০২৬ | Feature-2 |

ঠাকুরগাঁও প্রতিনিধি: ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাসের মধ্যেই নতুন সরকার তার প্রত্যেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পালনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁও জেলার নবগঠিত রুহিয়া উপজেলার রুহিয়া হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক জনাকীর্ণ গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, গত ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার/NICAR)-এর ১২০তম সভায় সরকার ‘রুহিয়া’কে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়ায় আজ এই বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়।

ঠাকুরগাঁওয়ের ৫ মেগা প্রকল্প ও উন্নয়ন দৃশ্যমান:

গণসংবর্ধনায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, “ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাস হলেও এই স্বল্প সময়ের মধ্যেই সরকারের দেওয়া নানা অঙ্গীকারের বাস্তবায়ন দৃশ্যমান হয়েছে। ইতোমধ্যেই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ চালু, ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় সচল করা এবং ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) নির্মাণ— ইত্যাদি দৃশ্যমান মেগা উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে সরকার তার সবগুলো নির্বাচনী প্রতিশ্রুতি পালনের বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছে।”

তিনি আরও জানান, বিগত মাত্র তিন মাসে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মাদ্রাসা ও মসজিদসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ৭২ কোটি টাকার বড় উন্নয়ন সহযোগিতা দিয়েছে সরকার। জনকল্যাণের উদ্দেশ্যে নেওয়া সকল শপথ বাস্তবায়নে দেশজুড়ে এ ধরনের উন্নয়নমূলক কাজ চলমান থাকবে।

বিশ্বমঞ্চে বাংলাদেশের অর্জন ও যুবসমাজের প্রতি ডাক:

জাতিসংঘে বাংলাদেশের সাম্প্রতিক শীর্ষ অর্জনকে স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে, যা এদেশের জন্য এক বিরল সম্মান ও আন্তর্জাতিক স্বীকৃতি বয়ে এনেছে। উন্নয়নের পথে বাংলাদেশ এভাবেই দৃপ্ত পদক্ষেপে অগ্রসর হতে থাকবে।

তবে সরকারের এই অভাবনীয় সাফল্যের মধ্যেও একটি বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তরুণ সমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তরুণদের এগিয়ে আসতে হবে, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামীর বাংলাদেশের নেতৃত্ব নিজেদের হাতে তুলে নিতে হবে। মাদক, সাংস্কৃতিক আগ্রাসন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-যুব সমাজকে এই লড়াই চালিয়ে যেতে হবে।”

অস্থায়ী উপজেলা পরিষদের কার্যালয় উদ্বোধন:

এর আগে, আজ সকালে রুহিয়া চৌরাস্তায় অবস্থিত রুহিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়টিকে নতুন ও ‘অস্থায়ী রুহিয়া উপজেলা পরিষদের কার্যালয়’ হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী।

আধুনিক ঠাকুরগাঁওয়ের রূপকার হিসেবে আজ সংবর্ধনা সভায় মির্জা ফখরুলকে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তি, পেশাজীবী ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা দেওয়া হয়। এ সময় তিনি বিএনপির জেলা সভাপতি তৈমুর রহমানসহ রুহিয়ার উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা অবদান রেখেছেন, তাদের প্রত্যেককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে আজকের এই বিশাল সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।



Leave a Comment