‘এলাকার উন্নয়নে বাধা নয়, সহযোগিতা করা হবে’: জামায়াত এমপির প্রশ্নে প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬ | জাতীয় |

সংসদ প্রতিবেদক: বিরোধীদলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব দেওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করেছেন, এটি বিরোধী দলের সংসদ সদস্যদের অধিকার খর্ব করার জন্য নয়, বরং সংরক্ষিত আসনের নারী এমপিদের কাজের ক্ষেত্র নির্দিষ্ট করার একটি সাংগঠনিক প্রক্রিয়া।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা-১৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিরোধী দলীয় এমপির ক্ষোভ ও প্রশ্ন
সংসদ অধিবেশনে প্রশ্ন উথাপন করে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম বলেন, “সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী—সরকারি দলের নারী এমপিদের বিরোধী দলের এমপিদের এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড তদারকি এবং জিও (সরকারি আদেশ) লেটার ইস্যুর দায়িত্ব দেওয়া হয়েছে। এই তথ্য থেকে আমাদের মনে হচ্ছে, সংরক্ষিত নারী এমপিদের এই কাজ কি এইজন্য দেওয়া হচ্ছে, যাতে আমরা যারা বিরোধীদলীয় এমপি আছি, আমাদের এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের কোনো হাত না থাকে?”

প্রধানমন্ত্রীর ব্যাখ্যা ও যুক্তি
বিরোধী দলীয় সংসদ সদস্যের এমন আশঙ্কার জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আপনি বোধহয় জানেন, আমাদের বা আপনাদের দল থেকে যেসব নারী সদস্যকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে, সংবিধানে বা আইনে নির্দিষ্টভাবে তাদের কোনো (আঞ্চলিক) আসন নেই। খুব স্বাভাবিকভাবেই আমাদের যে রাজনৈতিক বা সাংগঠনিক কাঠামো আছে, তার ভিত্তিতে আমরা দলীয় অবস্থান থেকে তাদের জন্য কিছু জায়গা নির্দিষ্ট করেছি যে তারা কোথায় কোথায় কাজ করবেন।”

এ বিষয়ে সংরক্ষিত নারী এমপিদের অধিকারের কথা উল্লেখ করে সরকারপ্রধান আরও বলেন:

“একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার নির্বাচনী এলাকায় আপনার সম্পূর্ণ হক (অধিকার) আছে যে আপনি আপনার এলাকার উন্নয়নের ব্যাপারে কীভাবে ভূমিকা রাখতে চান। কিন্তু যেহেতু এই সংসদ এই নারী নেতৃবৃন্দকে নির্বাচিত করেছে, সেহেতু খুব স্বাভাবিকভাবেই তাদেরও একইরকমভাবে হক আছে। সরকারের নিয়ম অনুযায়ী আমরা খুব স্বাভাবিকভাবেই এগোচ্ছি।”

সহযোগিতার আশ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের সংসদ সদস্যদের আশ্বস্ত করে বলেন, এলাকার সার্বিক উন্নয়নে যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয়, তবে তা যেন সরাসরি জানানো হয়। তিনি বিরোধী দলীয় এমপিদের এলাকার উন্নয়নে সরকারের পক্ষ থেকে সরাসরি সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেন।



Leave a Comment