বাজেট প্রত্যাখ্যান করে রাজধানীতে জামায়াতের ব্যাপক বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী, লুটপাট ও শোষণের হাতিয়ার’ বলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই বাজেট প্রত্যাখ্যান করে আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সংসদের বাজেট উপস্থাপনের পর পরই তাৎক্ষণিক প্রতিবাদে রাজধানীর উত্তর বাড্ডা এবং বায়তুল মোকাররম উত্তর গেট এলাকায় পৃথক দুটি বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা।
সমাবেশগুলো থেকে জামায়াত নেতারা অভিযোগ করেন, জুলাই বিপ্লবের পর সাধারণ মানুষ একটি গণমুখী বাজেটের আশা করলেও বর্তমান সরকার জনগণকে আশাহত করে পতিত স্বৈরাচারের মতো গণবিরোধী আচরণ শুরু করেছে।
উত্তর বাড্ডায় মহানগরী উত্তরের বিক্ষোভ:
রাজধানীর উত্তর বাড্ডা ওভার ব্রিজের নিচে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক বিক্ষোভ-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা।
সমাবেশে সভাপতির বক্তব্যে নাজিম উদ্দীন মোল্লা বলেন, “সরকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করে আত্মতৃপ্তিতে ভুগছে। কিন্তু শিক্ষা ও স্বাস্থ্য খাতের মতো মৌলিক জায়গায় প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়নি। উপেক্ষিত হয়েছে রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতগুলোও।” তিনি সরকারকে সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে সংশ্লিষ্ট সবার সাথে পরামর্শ করে এই বাজেট সংশোধনের জোর আহ্বান জানান।
মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাতের পরিচালনায় বাড্ডার সমাবেশে আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক। তিনি তাঁর বক্তব্যে হুশিয়ারি দিয়ে বলেন, “ক্ষমতার দম্ভে সকলকে উপেক্ষা করে এই বিশাল বাজেট বাস্তবায়ন করা সহজসাধ্য হবে না। উপরন্তু দেশের বৃহত্তর ইসলামী ব্যাংকগুলোকে লুটেরা ও নৈরাজ্যবাদীদের হাতে তুলে দেওয়ার অপতৎপরতা শুরু হয়েছে, যা অব্যাহত থাকলে এই বাজেট কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব হবে না।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগরীর কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার নো’মান আহমেদি, মাওলানা কুতুবউদ্দিন ও ফজলে আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল উত্তর বাড্ডা থেকে শুরু হয়ে গুলশান লিংক রোডে এসে শেষ হয়।
বায়তুল মোকাররমে মহানগরী দক্ষিণের বিশাল শো-ডাউন:
এদিকে, গণবিরোধী ও লুটপাটের বাজেটের প্রতিবাদে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আযাদ বলেন, এই বাজেট সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বাজেটের নামে জনগণের ওপর লুটপাটের নতুন করের বোঝা চাপানো হয়েছে। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও মুহাম্মদ শামছুর রহমান প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আবদুস সালাম, মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসেন, শাহীন আহমেদ খান, মাওলানা শরিফুল ইসলাম, সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এবং সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনসহ শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এক বিশাল বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা অবিলম্বে সরকারের উপস্থাপিত বাজেট সংশোধন করে জনবান্ধব বাজেট ঘোষণার দাবিতে স্লোগানে স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন।