পৃথক দুই মানহানি মামলায় স্থায়ী জামিন পেলেন এমপি মুফতি আমির হামজা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে দায়ের করা পৃথক দুটি মানহানির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। আজ রোববার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চৌহালী ও সদর আমলি আদালতে সশরীরে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক সুমন কুমার কর্মকার এই স্থায়ী জামিনের আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুরের দিকে মুফতি আমির হামজা তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এ সময় উভয় পক্ষের আইনজীবীদের দীর্ঘ যুক্তিতর্ক ও আইনি শুনানি শেষে আদালত সন্তুষ্ট হয়ে মামলা দুটিতে তাঁকে স্থায়ী জামিন প্রদানের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুফতি আমির হামজার পক্ষে নিযুক্ত আইনজীবী আবু তালেব এবং মামলার বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন কবির (কর্নেল)。

যে দুই মামলায় জামিন:

আদালত ও মামলার বিবরণী থেকে জানা যায়, মুফতি আমির হামজার বিরুদ্ধে দায়ের করা মামলা দুটির মধ্যে প্রথমটি করেছিলেন আইনজীবী হুমায়ুন কবীর। গত ২ এপ্রিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ মন্তব্য করার অভিযোগে চৌহালী আমলি আদালতে এই মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় ইতিপূর্বে আদালত সমন জারি করলেও নির্ধারিত সময়ে তিনি আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরবর্তীতে গত ২৭ এপ্রিল উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে তিনি আট সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন।

অপর মামলাটি দায়ের করেছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামীম খান। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর কটূক্তি করার অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে এই মামলাটি করা হয়। আজ রোববার সিরাজগঞ্জের সংশ্লিষ্ট দুই নিম্ন আদালতে সশরীরে হাজির হয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই দুই আলোচিত মামলাতেই স্থায়ী জামিন লাভ করলেন এই সংসদ সদস্য।



Leave a Comment