সেনা সদস্যদের পদোন্নতিতে পেশাগত দক্ষতা ও সততাকে প্রাধান্য দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

July 26, 2026 | Feature-2 |

জাতীয় প্রতিবেদক: সেনা অফিসারদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ, আবেগ এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সেনাসদর নির্বাচনী পর্ষদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার (২৬ জুলাই) সকালে সেনা সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

যোগ্য নেতৃত্ব নির্বাচনে নির্দেশনাবলী
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদোন্নতি পর্ষদের সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, যোগ্য নেতৃত্বদানের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা এবং দেশপ্রেমের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে পদোন্নতির সুপারিশ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা রক্ষা এবং যেকোনো দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।”

দেশের সার্বিক উন্নয়ন ও সুরক্ষায় সেনাবাহিনীর এই অনবদ্য ত্যাগের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবীর সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান তিনি।

পদোন্নতি পর্ষদের প্রথম পর্ব
আইএসপিআর সূত্রে জানা গেছে, ১ম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর যোগ্য কর্নেল পদবির কর্মকর্তাদের ‘ব্রিগেডিয়ার জেনারেল’ এবং লেফটেন্যান্ট কর্নেল পদবির কর্মকর্তাদের ‘কর্নেল’ পদবীতে পদোন্নতির জন্য বিবেচনা করা হবে।

নির্ধারিত নীতিমালার ভিত্তিতে যোগ্য, দক্ষ ও সৎ কর্মকর্তাদের পদোন্নতির সুপারিশ করার মধ্য দিয়ে সেনাবাহিনীতে বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্ব গড়ে উঠবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়।



Leave a Comment