শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

July 29, 2026 | Feature-1 |

নিউজ ডেস্ক: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সকালে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছিলেন
গ্রেপ্তারের মাত্র কয়েক ঘণ্টা আগে আজ সকালে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় ঢাকা সিএমএম আদালতে হাজিরা দেন লতিফ সিদ্দিকী। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারির কথা জানান এবং গ্রেপ্তার না হলে স্বশরীরে আত্মসমর্পণের ঘোষণা দেন।

সাংবাদিকদের লতিফ সিদ্দিকী বলেন, “আমাকে আজকে সকালে জানানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরের ঘটনা নিয়ে একটি মামলায় আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আমি সাধারণত আত্মগোপন করি না, তাই আদালতে এসেছি যাতে কেউ না ভাবে আমি পালিয়েছি। পুলিশ গ্রেপ্তার না করলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার ট্রাইব্যুনালে গিয়ে নিজে থেকেই আত্মসমর্পণ করতাম।”

‘প্রস্তুত হয়েই এসেছি’
সকালে আদালতে উপস্থিত হওয়ার সময় গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে সাবেক এই মন্ত্রী আরও বলেন, “আমার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে, আমাকে তো যেতেই হবে। তবে পুলিশ যদি মাঝপথে ধরে নিয়ে যায়, সেটা ভিন্ন কথা। আমি কিন্তু এবার আগের মতো অপ্রস্তুত নই, প্রস্তুতি নিয়েই এসেছি। আমার গাড়িতে জামাকাপড়ের ব্যাগ আছে, আর ভেতরে লেখালেখি করার জন্য খাতা-কলমও সাথে এনেছি।”

সকালের এই বক্তব্যের কয়েক ঘণ্টার ব্যবধানেই সন্ধ্যায় ডিবি পুলিশের টিম গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।



Leave a Comment