ব্রাজিলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে রোগী পরিবহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় বুধবার ভোরে পারানা রাজ্যের বিআর-৩৭৩ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানায়, দ্রুতগতির ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভুল লেনে ঢুকে পড়লে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি বাহনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই বাসের অধিকাংশ যাত্রী এবং ট্রাকচালকের মৃত্যু হয়।
জানা গেছে, বাসটি ইম্বিতুভা পৌরসভার স্বাস্থ্য বিভাগের মালিকানাধীন ছিল। এটি এলাকার রোগীদের চিকিৎসার জন্য পারানা রাজ্যের রাজধানী কুরিতিবার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছিল।
মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে ইম্বিতুভা শহরে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান এবং বিস্তারিত তদন্তের স্বার্থে মহাসড়কটিতে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।